স্পার্মাটোজেনেসিস কী?
যে প্রক্রিয়ায় প্রজননক্ষম জীবের শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোষ হতে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে।
স্পারমিওজেনেসিস কী?
যে প্রক্রিয়ায় নিশ্চল স্পার্মাটিড সচল পুং গ্যামেট বা শুক্রাণুতে পরিনত হয়য় তাকে স্পার্মিওজেনেসিস বলে।
স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা
সংঘটন স্থান: পুং প্রাণীর শুক্রাশয়ে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সংঘটিত হয়।
উৎপন্ন কোষ: হ্যাপ্লয়েড ক্রোমোসোমবিশিষ্ট পুং গ্যামেট বা শুক্রাণু।
প্রক্রিয়ার বর্ণনা:
স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া ৪টি পর্যায় ক্রমিক ধাপে সংঘটিত হয়। যথা:
- i. সংখ্যাবৃদ্ধি পর্যায়।
- ii. বৃদ্ধি পর্যায়।
- iii. পূর্ণতা প্রাপ্তি পর্যায়।
- iv. রূপান্তর পর্যায়।

i. সংখ্যাবৃদ্ধি পর্যায়
যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের প্রাথমিক জনন কোষ বারবার বিভাজিত হয়ে সংখ্যাবৃদ্ধি করে অসংখ্য স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে তাকে সংখ্যাবৃদ্ধি পর্যায় বলে। এ পর্যায়ে প্রাথমিক জননকোষগুলো পুনঃপুন মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেক কোষ সৃষ্টি করে। এদের প্রত্যকটিকে স্পার্মাটোগোনিয়াম বা শুক্রাণু মাতৃকোষ বলে। এরা ডিপ্লয়েড কোষ। যেসব প্রাথমিক জননকোষ বিভাজিত হয় না তাদের সারটলি কোষ বলে এবং এই কোষগুলো পুষ্টি সরবরাহ করে।
ii. বৃদ্ধি পর্যায়
যে পর্যায়ে প্রাথমিক স্পার্মাটোসাইট প্রচুর পরিমাণে পুষ্টি দ্রব্য ও ক্রোমাটিন বস্তু গ্রহণ করে আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাকে বৃদ্ধি পর্যায় বলে। বৃদ্ধি পর্যায়ের শেষে স্পার্মাটোগোনিয়ার আয়তন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। এ অবস্থায় এদেরকে প্রাথমিক স্পার্মাটোসাইট বলে।
iii. পূর্ণতা প্রাপ্তি পর্যায়
যে পর্যায়ে প্রাথমিক স্পার্মাটোসাইট মিয়োসিস বিভাজনের মাধ্যমে ৪টি হ্যাপ্লয়েড স্পার্মাটিডে পরিণত হয়, তাকে পূর্ণতা প্রাপ্তি পর্যায় বলে। এ পর্যায়ে প্রাথমিক স্পার্মাটোসাইট মিয়োসিস কোষ বিভাজনে ২টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এদের গৌণ স্পার্মাটোসাইট বলে। গৌণ স্পার্মাটোসাইট আবার ২টি করে ৪টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। এদের স্পার্মাটিড বলে। স্পার্মাটিড অচল এরা শুক্রাণুর মতো কাজ করতে পারে না।
iv. রূপান্তর পর্যায়
যে পর্যায় অচল স্পার্মাটিড সচল শুক্রাণুতে পরিণত হয় তাকে রূপান্তর পর্যায় বলে। এ পর্যায়ে শুরুতে স্পার্মাটিড লম্বা হতে থাকে এবং সেই সাথে কোষের বিভিন্ন অংশ যেমন- সেন্ট্রিওল গলগিবস্তু, মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর দেহ গঠন শুরু করে। সেন্ট্রিওল গলগি বস্তু মস্তকে অ্যাক্রোসোম সৃষ্টি করে। এভাবে একটি স্পার্মাটিড রূপান্তরিত হয়ে মস্তক, গ্রিবা, মধ্যখণ্ড, লেজ যুক্ত শুক্রাণুতে পরিণত হয়।