ABO রক্ত গ্রুপ কি? ABO রক্ত গ্রুপের বর্ণনা।
রক্ত গ্রুপ
ABO রক্ত গ্রুপ- অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকেই ফ্রান্সে এবং পরে ইংল্যান্ডে মানুষ থেকে মানুষে রক্তদান প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে দাতা ও গ্রহীতার রক্তের মধ্যে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া না হলেও কোন কোন ক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার ফলে গ্রহীতা অল্প সময়ের মধ্যেই মৃত্যুমুখে পতিত হতাে মানবদেহের বাইরে দাতা ও গ্রহিতার রক্ত মিশ্রিত করে দেখা গেছে যে, কোন কোন ক্ষেত্রে উভয়ের রক্ত স্বাভাবিক ভাবে না মিশে কণিকাগুলাে পরস্পর জড়িয়ে (coagulate) যায়। আবার কোন কোন ক্ষেত্রে দাতা গ্রহিতা উভয়ের রক্ত স্বাভাবিকভাবে মিশে যায়।
ABO রক্ত গ্রুপ কি?
বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানব রক্তের লোহিত কণিকার গাত্রে অ্যান্টিজেন A ও B এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের যে শ্রেণিবিন্যাস করেন তাকে ABO রক্ত গ্রুপ বলে।
ABO রক্ত গ্রুপের বর্ণনা
অস্ট্রিয়ার বিজ্ঞানী প্যাথােলজিস্ট ড. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ খ্রিস্টাব্দে) এর গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মানুষের রক্তের লোহিত কণিকার প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে দুই প্রকারের অ্যাগ্লুটিনোজেন (agglutinogen) পাওয়া যায় । এদের অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন A এবং অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন B বলে। একই সাথে প্লাজমায় বা রক্তরসে দুই প্রকারের অ্যাগ্লুটিনিন (agglutinin) পাওয়া যায়।
এদেরকে অ্যাগুটিনিন বা অ্যান্টিবডি a এবং অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি b বলে। প্রতিটি অ্যান্টিবডি শুধু নির্দিষ্ট এন্টিজেনের সাথে বিক্রিয়া ঘটাতে সক্ষম। অর্থাৎ অ্যান্টিবডি a শুধু অ্যান্টিজেন A এর সাথে এবং অ্যান্টিবডি b শুধু অ্যান্টিজেন B এর সাথে বিরূপ প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম।
রক্তে এই অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে ৪টি গ্রুপে ভাগ করা যায়।এ ধরনের রক্ত গ্রুপ ABO রক্ত গ্রুপ নামে পরিচিত।
লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন A থাকলে রক্তকে A গ্রুপ, অ্যান্টিজেন B থাকলে B গ্রুপ, অ্যান্টিজেন A ও B উভয়ে উপস্থিত থাকলে AB গ্রুপের প্লাজমায় উক্ত গ্রুপের রক্তকণিকা অ্যাগ্লুটিনেট (agglutinate = জট পাকিয়ে দেয়) করার জন্য কোন অ্যান্টিবডি নেই অর্থাৎ অ্যান্টিবডি a নেই; তবে অ্যান্টিবডি b থাকে যা B গ্রুপের কণিকাগুলোকে অ্যাগ্লুটিনেট করে দেয়।
অনুরূপভাবে B গ্রুপের প্লাজমায় উক্ত গ্রুপের কণিকাকে অ্যাগ্লুটিনেট করতে সক্ষম অ্যান্টিবডি b নেই তবে অ্যান্টিবডি a আছে যা A গ্রুপের কণিকাগুলোকে অ্যাগ্লুটিনেট করে দেয়। ক্রোমাসোমের একই লোকাসে অবস্থিত তিনটি অ্যালিলিক জিন দ্বারা মানুষের রক্তগ্রুপ নিয়ন্ত্রিত। পরস্পর অ্যালিল এই জিনগুলো যেকোনো দুইটি একই সময়ে এক জন মানুষে একজোড়া হোমোলোগাস ক্রোমাসোমের একই লোকাসে উপস্থিত থাকতে পারে। জিন ত্রয়কে LA, LB এবং LO সংকেত (symbol) দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
এদের মধ্যে LA ও LB কোডমিন্যান্ট ও LO জিনটি LA ও LB জিনের প্রচ্ছন্ন অ্যালিল হিসেবে আচরণ করে। তবে LA ও LB জিন দুইটি একই সময়ে উপস্থিত থাকলে উভয়ের বৈশিষ্ট্য সমভাবে প্রকাশ পায় অর্থাৎ একটি অন্যটির উপর প্রকট নয়-কোডমিন্যান্ট(codominant)।
